যাপন
ঝাঁঝাল মেজাজি সুরে রাতদ্বয়
হুড়মুড় তাড়াহুড়ায়
ভোর ডেকে আনে।
আর আমরা রাতের
মিশমিশে কালোয় ডুবে যাই
কী চিত্রময় যাপন।
ঘুম মহাশয় দূরচিন্তার
জাবর কেটে
আমরা একাদশে বৃহষ্পতিতে
সুখ স্মৃতি হাতড়াই-
আলেয়ার আলিঙ্গনে।
রাগ-অভিমানের চাষবাসে
অসন্তোষের পর্বত অঙ্কনে
অতিশয় সক্রিয়, হাত পাকে
অনুরাগে নিষ্প্রাণ।
প্রতিটি দীর্ঘশ্বাসে হৃদয় আধ পোড়া
ধোঁয়া নিঃসরণ নাসারন্ধ্র
মটরের সাইলেন্সার।
দরোজা
অশনিসংকেত সর্বত্রই
দাঁড়াবার জায়গা কই?
অতি দূরে একটা উন্মুক্ত দরোজা
দ্যাখে প্রবেশ মুহূর্তেই
ধুম শব্দ বন্ধ হয়ে যায়
তারপর একটা থেকে আরেকটা
দরোজায় কড়া নাড়ি
পাখি ডাকা সদ্য ভূমিষ্ঠ দিন হতে
বাড়ন্ত যুবক দিনে
পায়চারি, করতে করতে
জুতা ক্ষয়ে পায়ের তলা
কখন যেন জুতা হয়ে গেছে।




0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না।