টার্বাইন
একটি টার্বাইন ঘুরছে।
অদূরে কিছু ফ্ল্যাশ আলো,
সূর্যের দিকে তাকিয়ে কিছু হাসি;
বৈদ্যুতিক চরণে ডাকছে বাষ্প।
এইভাবে কতিপয় দৃশ্যের সন্ধানে
জানাচ্ছে সাময়িক ধারণা।
টার্বাইন ঘুরছে।
বিফলে যেসব লস্ট ড্রিমসের ব্যাখ্যা
তোমাকে কাছে নিয়ে আলতো-
আলতো পায়ে মিশে যাবে।
তার ঝাকুনিতে কেটেছে অবেলা,
কাছে কিছু কলোরিয়াস চাঁদ ও রশ্মির
নীলাভ অন্তরে সিলিকন প্রেম!
টার্বাইনগুলো ঘুরছে।
কিছু মানুষ এই প্রান্ত থেকে অই প্রান্তে;
জলের মতো মিশ্র, দেখা অদেখায় জানছে।
গবেষণায় স্পেসের কতিপয় বিহ্বলতায়
তবুও তারা অদেখাই রয়ে গেল!
তার ভেতরে চলাচল করছে শক্তি।
একটি টার্বাইন ঘুরছে।
মনের ভেতরে নিমগ্ন কিছু শব্দঘন নিরবতা;
তোমার বুকের ভেতর একটি স্বপ্নে,
দেখা হয়ে গেল আমাদের।
যেন-
একটি সমুদ্রের ওপারে আরেকটি সমুদ্র
চেনা এই দিকচক্রে, ঘুরছে কিছু বর্গাকার তরঙ্গ।
কবিতা
যেসব বোধ থেকে কবিতার শুরু হয়,
সেসব বোধ থেকে আমি দূরে থাকি।
চলতি টপিকে সবাই যখন মশগুল,
আমি সেসব বিষয়ে নিরবতা পালন করি।
হট টপিক, ব্রেকিং নিউজ অথবা বিজ্ঞাপন;
কোনো বিষয়ে আমার রুচি হয় না।
হয়তো বোধ কমেছে,
অথবা বেড়েছে শিল্পের বজ্র্য।
চারিদিকে চলছে অসুস্থ মাদকতা,
টালমাটাল এক ইন্ডাস্ট্রি।
যখন আমি এসব বলতে শুরু করি:
কিছু শব্দ জেগে উঠে কোনো আশায়!
আমাকে খুঁটিয়ে দেখছে কবিতা’রা।
প্রজাপতি
প্রজাপতির পাখা উড়ে উড়ে হৈমন্তী ডালে,
ছোটালো কি দুরন্ত আশা। মেঘে মেঘে অলস জড়তা!
যে চলে গেছে কবেকার হলুদ অন্ধকারে জোনাক তলে।
দূরে, হৃদয়ের প্রথম সরণে। গভীরতায় স্পন্দ্যমান আড়ালে।
ডাকিনি যারে, বহুপথ ঘুরে ফিরেছে তবু কাছে।
আশ্বাসে তমঃনিবাস। অথচ তাঁর রং ও বিস্তার আলাদা।
তবু যেন ক্রন্দসী মেঘের কাদাজলে ছিটিয়ে ওঠে ছাতাতলে।
বহুদিন পাইনি যারে হৃদয়। যেন চায়নি জোর করে
আজ তবু ভুল করে, ভুলে হয় ডাকো তারে।
মেঘের ওপারে মেঘে, আলোকে থেকে আলোকপাতে।
প্রচন্ড আবেগের নিবেশে আমাদের সঞ্চারপথ ছোটে;
একদিকে সে চলে, অন্যদিকে ছুটে চলে প্রজাপতি।
তাঁকে ধরে আনো। যে প্রত্যেক জানালায়
সূর্যকে পুড়িয়ে পান করেছে ফুলের মৌতাত।
বিষণ্ন বৃষ্টি তাঁকে নিয়ে পারি করে সীমানায়।
জলাঞ্জলি
মন বসে না শব্দে, দিয়েছি জলাঞ্জলি,
হাতভরে খুঁজে পাই সে অন্ধ আধুলি।
কে যে এসে পরালো পাপড়িতে কাজল,
ঢেউ এসে ভিজিয়েছে উভঘরে জল।
মিশ্ররাগে ভেসে ওঠে ঋতু প্রবারণা,
আলোর আড়ালে তাঁরা ঝরায় যাতনা।
কতদূর ভেসে গ্যালো কার প্রতিচ্ছবি,
কোন নিরালে একাকী খাপখুলে ভাবি।
দেখা নাই বহুকাল এমতো যাপনে,
চেনা মুখে গাঢ় চেয়ে পাইনে আপনে।
ফুটফুটে কেঁদে ফোটে মতির হুল্লোর,
পাবেনা জেনে আর পরিচিত আদর।
কিভাবে ফেরাবে বলো এই চেনামুখ,
কবিতা যেন পেয়ে গেছে অঙ্কের সুখ।
প্রেম তো নাটক নয়, স্রেফ নাটকীয়,
কথাচ্ছলে বোবা তাই ঐ চোখ শব্দীয়।




0 মন্তব্যসমূহ
অমার্জিত মন্তব্য করে কোনো মন্তব্যকারী আইনী জটিলতায় পড়লে তার দায় সম্পাদকের না৷