রোদ আর জলের আল্পনা 

গাছের মতো রোদও অনেকটা হেঁটে এসে আমাদের সাড়া নেয়। উঠোন জুড়ে পাতা থাকে জলের গেলাস। পাতা থাকে আসন। স্বপ্নের মধ্যে ফেরি করে যে মানুষটা এক একদিন মাঝদুপুরে ক্লান্ত হয়ে উঠোন জুড়ে শুয়ে পড়ে। পাশে রাখা থাকে আসন গেলাস। কে যে কাকে দেখে বোঝা যায় না। গাছ অনেকটা ঝুঁকে এসে রোদের সঙ্গে মিশে গিয়ে সেই মানুষটার সঙ্গে কথা বলে আর দেখি উঠোন জুড়ে গাছের গায়ে রোদ আর জলের আল্পনা।


পাহাড় কোনো একক বিশেষ কণ্ঠসংগীত নয় 

এখন তুমি যাকে পাহাড় দেখছো কিছুক্ষণ পরে সে আর তা থাকবে না। একটা নদী নেমে আসবে তোমার কোল ঘেঁষে। তুমি যাকে নদী ভাবছো সে নদী নাও হতে পারে। আবার হতেও পারে নদী। আসলে একটা সংকেত এলো তোমার কাছে। পাহাড় মানে পাথর বুঝে যাওয়া যে অঞ্চলের বাসিন্দাদের থেকে সাড়া আসে তারা আসলে সকাল সন্ধ্যে জগৎ সংসার শাসনের স্বপ্ন দেখে। মানুষকে কোনো একটা জায়গায় বসিয়ে রাখাতে তাদের জুড়ি মেলা ভার। তাই পাহাড় কোনো একক বিশেষ কণ্ঠসংগীত নয়। তোমার কাছে আসা নদী বলে দেবে পাথরের বুকে যে জল সেখানে আরও একটা আকাশ। আর আকাশ মানে চৌকাঠ পার হওয়া জনসমুদ্রের কোলাহল।