আহম্মেদুল কবিরের গল্পগ্রন্থ অবমানবের পাঠপ্রতিক্রিয়া

মানব আর অবমানবের দ্বন্দ্বে যখন জীবন জেরবার তখন হাতে এলো আহম্মেদুল কবির-এর প্রথম গল্পের বই ‘অবমানব’৷ এগারোরকম জীবনের এগারোটি গল্প নিয়ে এ বই৷ এর প্রথম গল্পটিই ‘অবমানব’; যেখানে একজন ভিক্ষুকের জীবনাচারের সাথে মানুষের দৈনন্দিন ক্ষয়ে যাওয়া মানবতার স্খলন ফুটে উঠেছে।

অলিপুর গ্রামে একজন ভিনদেশী বাবুর উন্নয়নের প্রজেক্ট নিয়ে আসা এবং তারপর উন্নয়নের অন্তরালে গ্রামে তার নানাবিধ কর্মকাণ্ডে ফুটে উঠেছে ‘ভিনদেশী এক বাবু’ গল্পে৷ যিনি একে একে হাতধোয়া প্রকল্প, ছিবুড়ি প্রকল্প সহ আরো বিবিধ প্রকল্পের মধ্য দিয়ে অলিপুর গ্রামকে মডেল গ্রামে পরিণত করার স্বপ্ন দেখান৷ এ লক্ষ্যে একটি রাজনৈতিক দলও গঠিত হয়৷ শেষে জনগণ বাবুর আসল রূপ ধরে ফেলে এবং গণরোষ থেকে বাঁচতে বাবু গ্রাম থেকে পালিয়ে যান৷

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে মোবাইল চুরির অভিযোগে আটক করা হয় এবং পরে শিক্ষার্থীরা তাকে ভাত খাইয়ে নির্মমভাবে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়। এই প্রেক্ষাপট থেকেই বোধ করি বইয়ের দ্বিতীয় গল্প ‘বহিরাগত তোফাজ্জল’ রচিত হয়েছে৷ হুবহু অবশ্যই নয়, গল্পকার তার কল্পনায় ঘটনাটিকে যেভাবে রচনা করেছেন তা আরো প্রকটভাবে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে উপস্থাপন করে৷

এরপর একে একে দায়মুক্তি, কুঁজো বুড়ির শীত উৎসব, একটি শাড়ি কেনার গল্প, সমর্পন, দাগ, জাদরেল বউ, সম্প্রীতিরূপ অপরূপ, একটি বাড়ি ও স্বপ্নেরা পড়ে ফেললাম৷ বৈচিত্র্যময় বই৷ জাদরেল বউ পড়ে হাসি পেলেও একটি বাড়ি ও স্বপ্নেরা পড়ে মন খারাপ হতে পারে৷ দায়মুক্তি ও সমর্পন একই ধরনের গল্প মনে হয়েছে৷ কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। একটি পাপের খেসারত দিতে গিয়ে জীবন অনেক সময় বিষাদময় হয়। ভয় এসে ভড় করে। এমনকি কখনও বা জীবনও দিতে হয়। এমনই গল্প নিয়ে লিখিত হয়েছে সমর্পন। আবার জীবনের এক পর্যায়ে সেই পাপ থেকে মুক্তির জন্য চেষ্টা করার গল্প নিয়ে লিখিত হয়েছে দায়মুক্তি৷

সবমিলিয়ে প্রথম গল্পের বই হিসেবে কবির ভাই যথেষ্ট সম্ভাবনা দেখিয়েছেন৷ আর উনি যেভাবে চোখের সামনে বসে ধুম করে একটা গল্প লিখে ফেলেন সেও এক বিস্ময় বটে! ইন্সট্যান্ট কবিতা-গল্প লিখতে পারা কি আর যা তা কথা! আমি তো পারি না তা!

কবির ভাইয়ের জন্য অশেষ শুভকামনা৷ তাঁর ব্যক্তিজীবন ও লেখকজীবন সুস্থ ও শৈল্পিক হোক৷

অবমানব
আহম্মেদুল কবির
প্রকাশক: ঘাসফুল
প্রচ্ছদ: সাহাদাত হোসেন
দাম: ২৫০টাকা