New

শ্বেতপত্র

মাহমুদ-উল হাসান আসিফ /মলয় মরে গেছে শুভা





আমি মরে গেছি শুভা,  

মুক্ত মঞ্চে দাঁড়িয়ে তোমায় আবৃত্তি না করতে পারা,

আষ্টেপৃষ্ঠে থাকা অশ্লীলতার চাদর থেকে তোমায় মুক্ত করতে না পারা,

তোমার চোখে দরজাকবাট লাগিয়ে দেয়ার নীরবতা না দেখতে পাওয়ায় শুভা!


এরকম দেড়শত যন্ত্রণা,

দেড়শতটি আকাঙ্ক্ষায় শুভা আমি মরে গেছি।


কদিন আগেও যে স্বস্তি ছিল,

কদিন আগেও আমরণ লড়ে যাবার কামনা ছিল শুভা,

কদিন আগেও যারা বধ্যভূমিকে তোমার স্তন ভাবতো,

রাইফেল ছিল তোমার গর্ভ,

যে মনি সিংহ, ভাসানী, মুজিব তোমার পায়ে লুটিয়ে পরতো শুভা,

তোমার পানি প্রার্থী হয়ে নেমেছিল আমরণ অনশনে,

তারা প্রত্যেকে আজ মীর্জাফরের দেয়ালে,  বইয়ের পাতায়-পোস্টারে-পোস্টারে।


এই লজ্জায় আমি মরে গেছি।

কদিন আগেও আমি বেঁচে ছিলাম শুভা।  

তোমার বুকে বিদ্ধ দেড়শত ভণ্ডামির কারণে আমি আত্মহত্যা করেছি।

মলয় মরে গেছে শুভা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ