স্কুল একটি রাষ্ট্রপালিত প্রাণী৷ এর চারটি হাত ও একটি লেজ আছে৷ অন্যান্য প্রাণীর মতো চোখ, কান না থাকলেও তার একটি মুখ আছে, যা দ্বারা সে সকাল—সন্ধ্যা অনর্গল বকর বকর করতেই থাকে৷ আমরা বিরক্ত হই৷ কিন্তু যেহেতু স্কুল একটি রাষ্ট্রপালিত প্রাণী তাই মুখ বুজে স-ব সয়ে যাই৷ রাষ্ট্র একটি রাখাল ছেলে৷ কয়েক বছর আগে আমার বাড়ির পাশে একটি স্কুল দাঁড়িয়ে ছিলো৷ আমার বন্ধু রাকিব— স্কুলের বকবকানিতে বিরক্ত হয়ে তার পশ্চাৎদেশে সজোড়ে লাথি মেরে পালিয়ে গেছিলো৷ তারপর ওর সাথে আর কোনোদিন দেখা হয়নি৷