মতলবীরা আমাদের মাথায় ইট ভাঙ্গে,
আমরা মনে করি-
মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বুঝি কেউ।

আমাদের মাথাগুলো
আমাদের অজান্তে নিলামে ওঠে
খুচরা ও পাইকারি বেচাকেনা হয়।
আমরা মাথা মাথা করে
মাথা পাগল হয়ে যাই-

মাথা কোথায়! মাথা কোথায়!
মাথা নেই
তবে ঘাড় ছাড়া হয়ে নয়।

মাথা আছে!  মাথা আছে!
-সত্যি!
আসুনতো মাথার স্থানে হাত দিয়ে দেখি
মাথা কোথায়?

অবশেষে মাথাগুলো উদ্ধার হল
ইট ভাঙ্গা মাথা, বেল ভেঙ্গে খাওয়া মাথা,
গুবরে পোকা ধরা মাথা, মগজহীন শূণ্য মাথা, 
অকেজো মাথা, 
তবু আমাদের মাথাতো
আমাদেরই হেফাজতে থাক।