গত ১২ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ তারিখে আমরা শ্বেতপত্রে তারিফ হকের একটি কবিতা প্রকাশ করেছিলাম। সেখানে মোট ২৩টি পাঠ প্রতিক্রিয়া এসেছিল। প্রায় সকল পাঠকই কবিতাটির মান নিয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করেছেন৷ কেউ কেউ দুঃখজনকভাবে এর লেখক তারিফ হক ও সম্পাদক মোকলেছুর রহমানকে আক্রমাণাত্মক শব্দ ও বাক্য ব্যবহার করে মন্তব্য করেছেন, কবিতাটিকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন৷ এমতাবস্থায় লেখকের অনুরোধে আমরা লেখাটি শ্বেতপত্র থেকে প্রত্যাহার করতে বাধ্য হলাম৷
আমরা মনে করি, পাঠকের প্রতিক্রিয়া জানানোর যেমন স্বাধীনতা আছে, তেমনই লেখকেরও দায়িত্ব পাঠকের মন্তব্য শোনা৷ তাই বলে সম্মানীত পাঠকবৃন্দের কাছে অমার্জিত মন্তব্য কাম্য নয়৷ একটি পত্রিকার সব লেখা মানসম্মত হয় না, এটা স্বাভাবিক৷ সকল লেখকের লেখা মানসম্মত হয় না এটাও স্বাভাবিক৷ আমরা সবসময় শুধু ভালো লেখকই নয়, বরং নতুন লেখকদেরও লেখা প্রকাশে সচেষ্ট থাকি, যাতে তারা লেখক হিসেবে বিকশিত হতে পারে৷ তাই আমরা আশা করবো পাঠক-বন্ধুগণ আগামীতে মন্তব্য প্রকাশের ক্ষেত্রে আরো সচেতন হবেন৷ আর লেখকগণও পাঠকের মন্তব্যের সামনে দাঁড়াবার সক্ষমতা অর্জন করবেন এমনটাই কাম্য৷
ভবিষ্যতে আমরা শ্বেতপত্রে লেখা প্রকাশের ক্ষেত্রে লেখার মান সম্পর্কে আরো সচেতন থাকবো৷
সকলকে ধন্যবাদ৷ পাঠক, শ্বেতপত্রের সাথেই থাকুন৷ 

বিনীত
মোকলেছুর রহমান
সম্পাদক শ্বেতপত্র